গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উৎসবমুখর পরিবেশে মাদ্রাসা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নতুন ভর্তি হওয়া ১৩০ জনেরও বেশি শিক্ষার্থীকে রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুনদের পদচারণায় পুরো মাদ্রাসা চত্বর আনন্দ, উচ্ছ্বাস ও ভালোবাসায় ভরে ওঠে।
মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী)-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা আবু সাঈদ ফুলপুরী, মাওলানা হানজালা হামিদী, হাফেজ আব্দুল আল মামুন, মাস্টার শরিফুল ইসলাম, মাওলানা আলী আকবর, মাওলানা আসিফ মাহমুদ এবং উপস্থিত অভিভাবকবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীকে যোগ্য, আদর্শ ও যুগোপযোগী আলেম হিসেবে গড়ে তোলা। এরই ধারাবাহিকতায় বিগত শিক্ষাবর্ষে ইত্তেফাক ও বেফাক পরীক্ষায় এ মাদ্রাসার শিক্ষার্থীরা সারা বাংলাদেশে কৃতিত্বপূর্ণ সফলতা অর্জন করেছে, যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।”
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকমণ্ডলী, নতুন ও পুরোনো শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।