Date: April 20, 2026

দৈনিক বজ্রশক্তি - অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে এসএসসি বিদায় অনুষ্ঠানের দাওয়াত না পেয়ে স্কুলে হামলা ও তালা!

গাজীপুরে এসএসসি বিদায় অনুষ্ঠানের দাওয়াত না পেয়ে স্কুলে হামলা ও তালা!

April 20, 2026 07:48:43 PM   উপজেলা প্রতিনিধি
গাজীপুরে এসএসসি বিদায় অনুষ্ঠানের দাওয়াত না পেয়ে স্কুলে হামলা ও তালা!

গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে একদল বিএনপি নেতার বিরুদ্ধে হামলা ও বিশৃঙ্খলা তৈরির অভিযোগ উঠেছে। তাদের তণ্ডবে অনুষ্ঠান পণ্ড হয়ে যায় এবং আতঙ্কিত শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থল ছেড়ে পালিয়ে যায়। এই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

গত রবিবার (১৯ এপ্রিল) দুপুরে গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুর ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার, সাবেক যুগ্ম সম্পাদক হাসমত আলী হাসু এবং সদস্য আরমানের বিরুদ্ধে।

স্কুলের প্রধান শিক্ষক মো. সানোয়ার উদ্দিন জানান, ২০২৬ সালের ৭৪ জন পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান উপলক্ষে সকালে কোরআন তিলাওয়াত শুরু হয়েছিল। তখনি আব্দুল আউয়ালের নেতৃত্বে একদল লোক এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তারা অনুষ্ঠানের মাইকের রিসিভার কেড়ে নিয়ে ভেঙে ফেলে। দাওয়াত কেন দেওয়া হয়নি—এই প্রশ্ন তুলে প্রধান শিক্ষককে ধাক্কাধাক্কি করা হয়। বাধা দিলে তারা স্কুলের অফিস সহায়ক আব্দুস সামাদকে মারধর করে এবং স্কুলের অফিস কক্ষে তালা লাগিয়ে দেয়।

অফিস সহায়ক আব্দুস সামাদ জানান, হামলাকারীরা তাকে মারধর করার সময় তার গায়ের জামা ছিঁড়ে ফেলেছে। বিদায় নিতে আসা এক ছাত্রীর বাবা এবং গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সাইফুল ইসলাম বলেন, "আমরা অনেক বিএনপি নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলাম। কিন্তু মাত্র কয়েকজন নেতার এমন উগ্র আচরণে শিক্ষার্থীরা ভয়ে অসুস্থ হয়ে পড়েছে। অভিভাবকদের মধ্যে এখন চরম ক্ষোভ কাজ করছে।"

স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মো. শামসুল হক বলেন, সব নিয়ম মেনেই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অনেক বিএনপি নেতা সেখানে ছিলেন। কিন্তু ৪-৫ জন নেতার ব্যক্তিগত আক্রোশের কারণে শিক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠানটি পর্যন্ত করা সম্ভব হলো না। তাদের এমন কাজে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

বিষয়টি নিয়ে গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক মনি জানান, ভিডিওটি দেখার পর সিনিয়র নেতাদের সাথে কথা বলে আজ সোমবার ২০ এপ্রিল বিকেলে জরুরি সভা ডাকা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য বলেছি।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। বর্তমানে এলাকায় এ নিয়ে বেশ উত্তেজনা বিরাজ করছে।