গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী ও তাঁদের সন্তান রয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ী থেকে একটি মোটরসাইকেলে করে স্বামী, স্ত্রী ও তাঁদের সন্তান চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়ালসেতুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাতপরিচয় একটি গাড়ি মোটরসাইকেল আরোহীদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের বিস্তারিত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

















