মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া এনামুল মাতুব্বর দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলার আসামি। তার ছোট ভাই হযরতও মানবপাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। হযরত বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।
অভিযোগ রয়েছে, বাংলাদেশ থেকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন পরিবারের কাছ থেকে তারা জনপ্রতি প্রায় ২৫ লাখ টাকা করে নিত। পরে ভুক্তভোগীদের লিবিয়ায় নিয়ে বিভিন্ন কৌশলে আটকে রেখে মারধর ও নির্যাতনের মাধ্যমে তাদের পরিবারের কাছ থেকে আরও ২০ থেকে ২৫ লাখ টাকা আদায় করা হতো। এতে অনেক পরিবার সর্বস্বান্ত হয়েছে। একই সঙ্গে লিবিয়ায় নেওয়ার পর অনেকের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি বলেও অভিযোগ উঠেছে।
প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, উন্নত জীবনের আশায় ইতালি যাওয়ার স্বপ্ন দেখিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। পরে বিদেশে নিয়ে গিয়ে নির্যাতন ও অতিরিক্ত অর্থ আদায়ের কারণে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে।
এনামুল মাতুব্বরকে গ্রেফতারের ফলে এই মানবপাচার চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের পথ আরও সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পলাতক হযরতসহ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে। এ অবস্থায় মানবপাচারবিরোধী আইন বাস্তবায়নে প্রশাসনের কঠোর পদক্ষেপ এবং এই মানবপাচার চক্রের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

















