আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সাত বছর পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলোয়াড়ি ক্যারিয়ার থেকেও অবসর নিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দীর্ঘ ১৯ বছরের আইপিএল অধ্যায়ের ইতি টানলেও চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক থাকছে তাঁর। আগামী আইপিএলে দলটির মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৫ বছর বয়সী এই ক্রিকেটার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ধোনির নতুন ভূমিকার ঘোষণা দিয়েছে চেন্নাই সুপার কিংস। খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার মাত্র তিন ঘণ্টা আগে, নিলামের প্রস্তুতির মধ্যেই এ ঘোষণা আসে।
চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন এক বিবৃতিতে ধোনির সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, ধোনিকে ছাড়া চেন্নাই সুপার কিংসকে কল্পনা করা যায় না। প্রায় দুই দশক ধরে তারা একসঙ্গে পথ চলেছেন। এ সময়ে সাফল্য ও ব্যর্থতা দুটিই এসেছে। তবে পারস্পরিক বিশ্বাস ও আস্থার কারণেই তাঁদের সম্পর্ক এতটা দৃঢ় হয়েছে।
ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোল দিল ব্রাজিল!

ধোনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রীনিবাসন আরও বলেন, ২০০৮ সালে তিনি জোর দিয়েছিলেন যেন ধোনি চেন্নাই সুপার কিংসের অংশ হন। শেষ পর্যন্ত সেটিই তাঁর নেওয়া অন্যতম সেরা সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। ফ্র্যাঞ্চাইজির হয়ে ধোনির অর্জনের পাশাপাশি মানুষ হিসেবেও তাঁর গুণাবলির প্রশংসা করেন তিনি। চেন্নাই সুপার কিংস সব সময় ধোনির ঘর হয়ে থাকবে বলেও উল্লেখ করেন শ্রীনিবাসন।
২০২৭ সালের আইপিএল সামনে রেখে নতুন করে সাজানো চেন্নাইয়ের কোচিং স্টাফের সঙ্গে কাজ করবেন ধোনি। দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জহির খান। সহকারী কোচ হিসেবে রয়েছেন অ্যালবি মরকেল, গ্যারেথ ব্যাটি ও শ্রীধরন শ্রীরাম। এ ছাড়া বোলিং কোচ মোহিত শর্মা এবং ফিল্ডিং কোচ জেমস ফস্টার।
গত তিন মৌসুমে আইপিএলের প্লে-অফে জায়গা করে নিতে পারেনি চেন্নাই। এ কারণে ২০২৭ সালের আসরের আগে কোচিং স্টাফে বড় ধরনের পরিবর্তন এনেছে ফ্র্যাঞ্চাইজিটি। নতুন দায়িত্বে ধোনি দলকে কতটা সহায়তা করতে পারেন, এখন সেটিই দেখার বিষয়।
২০০৮ সালে আইপিএলের প্রথম খেলোয়াড় নিলামে ধোনিকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। এরপর টুর্নামেন্টটির ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। তাঁর নেতৃত্বে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে পাঁচবার আইপিএল শিরোপা জেতে চেন্নাই। এ ছাড়া ২০১০ ও ২০১৪ সালে দলটি চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির শিরোপাও জেতে।
আইপিএলের প্রথম ১৯ আসরের মধ্যে ১৭টিতেই চেন্নাইয়ের হয়ে খেলেছেন ধোনি। ২০১৬ ও ২০১৭ সালে নিষেধাজ্ঞার কারণে চেন্নাই টুর্নামেন্টে অংশ নিতে না পারায় ওই দুই মৌসুমে তিনি খেলেছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে।
আইপিএলে ২৭৮টি ম্যাচ খেলে ধোনির সংগ্রহ ৫ হাজার ৪৩৯ রান। ৩৮.৩০ গড় এবং ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও এবার চেন্নাইয়ের মেন্টর হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার।

















