ঢাকা প্রতিনিধি:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে পবিত্র ওমরাহ পালনের লক্ষ্যে মনোনীত কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মাঝে ভিসা, বিমান টিকিট ও উপহারসামগ্রী বিতরণ এবং যাত্রার প্রারম্ভে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি ৩ জন কর্মকর্তা ও ১৯ জন সদস্যসহ মোট ২২ জনের হাতে ভিসা, বিমান টিকিট ও উপহারসামগ্রী তুলে দেন। এ সময় তিনি ওমরাহ কাফেলার সদস্যদের সুস্বাস্থ্য ও নিরাপদ যাত্রা কামনা করেন এবং পবিত্র ওমরাহ যথাযথ নিয়মনীতি ও শৃঙ্খলার সঙ্গে পালনের পাশাপাশি দেশ ও বাহিনীর কল্যাণে দোয়া করার দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, পবিত্র হজ ও ওমরাহ পালনের জন্য তারুণ্যই উপযুক্ত সময়। জীবনের শুরুতেই ধর্মীয় অনুশীলন ও আত্মশুদ্ধির চর্চা মানুষকে নৈতিকভাবে সমৃদ্ধ করে। সব সংস্কারের মূল ভিত্তি হলো মানসিকতার সংস্কার। তাই প্রত্যেককে ইতিবাচক মানসিকতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে ব্যক্তিগত জীবন ও পেশাগত দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুশৃঙ্খল, জনসম্পৃক্ত ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান। পবিত্র ওমরাহ থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ যেন সদস্যদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও প্রতিফলিত হয়।
দিকনির্দেশনা প্রদানকালে মহাপরিচালক মনোনীত সদস্যদের যথাযথ মর্যাদা ও শৃঙ্খলা বজায় রেখে চলার আহ্বান জানান। তিনি সফরকালে পারস্পরিক সহযোগিতা, দলীয় শৃঙ্খলা, ব্যক্তিগত নিরাপত্তা এবং বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ সহযাত্রীদের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি সফরসংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করে সতর্কতার সঙ্গে সফর সম্পন্ন করার পরামর্শ দেন। তিনি পবিত্র ভূমিতে দেশ, জাতি ও আনসার-ভিডিপির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানান।
সংশ্লিষ্টরা মনে করেন, ওমরাহ পালনের জন্য মনোনীত সদস্যদের প্রতি বাহিনীর এই বিশেষ উদ্যোগ তাদের পেশাগত নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতি। মহাপরিচালকের শুভেচ্ছা ও দিকনির্দেশনা তাদের মনোবলকে আরও জোরদার করবে। ওমরাহ পালনের মাধ্যমে সদস্যরা আত্মশুদ্ধি ও নতুন অনুপ্রেরণা লাভ করে ভবিষ্যতে কর্মক্ষেত্রে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা করা হয়।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















