সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিদায়ের পর সমালোচনার মুখে পড়েছেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ম্যাচের অধিকাংশ সময় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশকে লড়াইয়ে রাখলেও শেষ মুহূর্তে তার একটি ভুলে গোল হজম করতে হয় দলকে। সেই ভুলের দায় নিজের কাঁধে নিয়ে এবার সতীর্থ, কোচ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে লিখেছেন, ‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’
ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখান শ্রাবণ। একের পর এক আক্রমণ সামলে অন্তত তিনটি গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি। তার দৃঢ়তায় ৮৫ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি পাকিস্তান। ফলে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তের একটি ভুলে বদলে যায় পুরো ম্যাচের চিত্র।
ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে শ্রাবণের একটি লং থ্রো সরাসরি প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে গিয়ে পড়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে আবদুল সামাদ গোল করেন। এতে এগিয়ে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত ওই গোলেই বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায়।
পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে যাব, থাকবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

ম্যাচ শেষে সতীর্থদের পক্ষ থেকেও শ্রাবণের প্রতি সমর্থন জানানো হয়। দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী এককভাবে কাউকে দায়ী করতে রাজি হননি। তিনি বলেন, কাউকে দোষ দেওয়া যাবে না। বিরতির পর পাকিস্তান তাদের খেলার পরিকল্পনা পরিবর্তন করেছিল। এরপরও তারা মাত্র একটি সুযোগ তৈরি করে গোল করেছে, অন্যদিকে বাংলাদেশও দুটি ভালো সুযোগ পেয়েছিল। ফুটবলে এমনটাই ঘটে।
একই ধরনের মন্তব্য করেন শমিত সোমও। তিনি বলেন, দলের কোনো একজন ভুল করলে অন্যজনের উচিত সেই ভুল পুষিয়ে দেওয়া। তাই কাউকে এককভাবে দায়ী করা যায় না।
তবে সতীর্থদের এমন সমর্থনের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন শ্রাবণ। অবশেষে নীরবতা ভেঙে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন একটি পোস্ট দেন এই গোলরক্ষক।
পোস্টে শ্রাবণ লেখেন, ‘গতকাল রাতে আমি আপনাদের সবার সঙ্গে উদযাপনের স্বপ্ন দেখেছিলাম। ভারাক্রান্ত হৃদয়ে এই কথাগুলো লিখব, তা ভাবিনি।’
তিনি আরও লেখেন, ‘একটি দুর্ভাগ্যজনক ভুল সবকিছু বদলে দিয়েছে। আমি জানি, এতে কতটা হতাশা তৈরি হয়েছে। আমি এই মুহূর্তকে একটি কষ্টের শিক্ষা হিসেবে নিচ্ছি। আমার সতীর্থ, কোচ ও প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’
পোস্টের শেষাংশে বাংলাদেশের মানুষের উদ্দেশে শ্রাবণ লেখেন, ‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’
















