জয়পুরহাটে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন দর্শকেরা। বিপুলসংখ্যক মানুষের সমাগমের সুযোগ নিয়ে অনুষ্ঠান চলাকালে দুই শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে গোলাম রতন (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে এত বড় আয়োজনে নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে এতগুলো ফোন চুরি হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘির পাড়ে অবস্থিত নান্দাইলদীঘি কলেজ মাঠে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ অনুষ্ঠিত হয়। জনপ্রিয় এই অনুষ্ঠানটির পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন হানিফ সংকেত। দৃশ্যধারণ দেখতে সকাল থেকেই জয়পুরহাটসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শকেরা সেখানে আসতে শুরু করেন। আয়োজকদের ধারণা, পুরো অনুষ্ঠানে প্রায় ১০ হাজার মানুষের সমাগম হয়েছিল।
বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি বিবেচনায় অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্য, স্কাউট ও স্থানীয় স্বেচ্ছাসেবকসহ কয়েক শ ব্যক্তি দায়িত্ব পালন করেন। তবে এত নিরাপত্তাব্যবস্থা থাকার পরও দর্শকদের অতিরিক্ত ভিড়ের সুযোগ নেয় একটি চোর ও পকেটমার চক্র।
উদারতার সুযোগে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ, আওয়ামী লীগকে হুঁশিয়ারি নুরের!

স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠান উপভোগে ব্যস্ত দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরি হতে থাকে। অনেকেই অনুষ্ঠান চলাকালে বিষয়টি বুঝতে পারেননি। অনুষ্ঠান শেষ হওয়ার পর বাড়ি ফেরার প্রস্তুতি নিতে গিয়ে কিংবা নিজেদের মোবাইল ফোন খুঁজতে গিয়ে চুরির বিষয়টি টের পান তাঁরা। পরে ভুক্তভোগীদের অনেকে কালাই থানায় গিয়ে অভিযোগ করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী সরাসরি থানায় এসে মোবাইল ফোন চুরির অভিযোগ জানিয়েছেন। তবে সব মিলিয়ে চুরি হওয়া মোবাইল ফোনের সংখ্যা ১৫০ থেকে ২০০টিরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় গোলাম রতন (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে। তাঁর বিরুদ্ধে মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগ রয়েছে।
কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অনুষ্ঠান শেষ হওয়ার পর একাধিক ব্যক্তি থানায় এসে তাঁদের মোবাইল ফোন চুরির অভিযোগ করেছেন। এ ঘটনায় মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে গোলাম রতন নামে একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















