ঢালিউড অভিনেত্রী পরীমনির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ও বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলেও বিষয়টিকে এখন ভিন্নভাবে দেখছেন এই অভিনেত্রী। তাঁর ভাষায়, জীবনে সারাজীবন ঝামেলা লেগেই থাকবে—এটা তিনি মেনে নিয়েছেন। তবে এআই ব্যবহার করে নারীদের হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানী ঢাকায় একটি শোরুম উদ্বোধনে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পরীমনি। জীবনে একের পর এক বিতর্ক ও ঝামেলার মুখোমুখি হওয়া প্রসঙ্গে হাসিমুখে তিনি বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারাজীবন ঝামেলা হবে আর ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। এখন বিষয়গুলো আমার ভালোই লাগে, এনজয় করি।’
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ হ্যাক করে পরীমনির এআই দিয়ে তৈরি একটি ভুয়া ও বিকৃত ভিডিও ছড়িয়ে দেওয়া হয় বলে জানা গেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা ও সমালোচনা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী নিজেও।
এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন হিরো আলম!

এর আগে ফেসবুক লাইভে এসে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান পরীমনি। তাঁর এই সাহসী অবস্থানের প্রশংসা করেন অনেক নেটিজেন। বিষয়টি নিয়ে পরীমনি বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও বেশি সাহস পাই। তখন মনে হয়, আমি সঠিক পথেই আছি।’
এআই প্রযুক্তির অপব্যবহার করে নারীদের ডিজিটাল হয়রানির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী। তাঁর মতে, বিষয়টি শুধু পরিচিত বা জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ নয়; সাধারণ নারীরাও এ ধরনের ঘটনার শিকার হতে পারেন। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে প্রতিবাদ জানানো প্রয়োজন।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে পরীমনি বলেন, ‘বিষয়টা অনেক বেশি সেনসিটিভ। আমার মতো মানুষের এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন-চার দিন তো আমি বিষয়টি পাত্তাই দিইনি। কিন্তু যখন দেখলাম এটা আর এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তখন কথা বলতে বাধ্য হয়েছি।’
সাধারণ নারীদের ওপর এ ধরনের ঘটনার সম্ভাব্য মানসিক প্রভাবের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে কেউ কেউ চরম মানসিক সংকটে পড়তে পারেন। তাই ডিজিটাল হয়রানি ও এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরির মতো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া অত্যন্ত জরুরি।
পরীমনির মতে, নারীদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় এ ধরনের অপরাধকে অবহেলা না করে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
















