কক্সবাজারের রামুতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবারের ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন স্বামী, ছয় মাসের শিশুকন্যাসহ পরিবারের চার সদস্য। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন স্ত্রী তানিয়া সুলতানা। শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানলেন তিনিও। সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আনন্দের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া পরিবারটির পাঁচ সদস্যের এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া সুলতানার (২০) মৃত্যু হয়। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পারিবারিক স্বজন মুহাম্মদ ফারুক।
তানিয়া কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির কাইম্যার ঘোনার বাসিন্দা সাজ্জাদ পারভেজ রুবেলের স্ত্রী। গত শুক্রবার বিকেল ৩টার দিকে দক্ষিণ মিঠাছড়ি রেলক্রসিংয়ে তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয় একটি ট্রেন। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান তানিয়ার স্বামী রুবেল, তাঁদের ছয় মাস বয়সী শিশুকন্যা ইলহাম, ননদ কাশিফা এবং ভাগিনা সাহিল। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তানিয়াকে হাসপাতালে নেওয়া হয়।
মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল জুলাইযোদ্ধার!

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর তানিয়াকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার ভোরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাকলেও তাঁর জ্ঞান ফেরেনি।
রুবেলের জেঠাতো ভাই মুহাম্মদ ফারুক জানান, সোমবার সকালে চিকিৎসকরা তানিয়াকে মৃত ঘোষণা করেন। একই দুর্ঘটনায় তাঁর চাচার পরিবারের পাঁচজনকে হারিয়েছেন তাঁরা। এদিকে দুর্ঘটনায় আহত কাশিফার আরেক ছেলেও বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার জোহরের নামাজের পর স্ত্রী, সন্তানসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে বেড়াতে বের হয়েছিলেন রুবেল। তাঁদের গন্তব্য ছিল ছোট বোন রিয়া মনির শ্বশুরবাড়ি, কক্সবাজারের উমখালী এলাকা। পরিবারের সদস্যদের মধ্যে তিন শিশুও ছিল। সবাই মিলে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আনন্দঘন সময় কাটানোর উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছিলেন।
কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই দক্ষিণ মিঠাছড়ি রেলক্রসিংয়ে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষে মুহূর্তেই সবকিছু এলোমেলো হয়ে যায়। ঘটনাস্থলের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল শিশুদের জুতা, পোশাক, উপহারসামগ্রী ও একটি লাগেজ। যে যাত্রা হওয়ার কথা ছিল আনন্দের, সেটিই শেষ হয় এক পরিবারের অপূরণীয় ক্ষতির মধ্য দিয়ে।
রুবেলের জেঠাতো ভাই মুহাম্মদ ফারুকের ভাষ্য অনুযায়ী, তাঁদের বাড়ি থেকে গন্তব্যের দূরত্ব খুব বেশি ছিল না। অটোরিকশায় যেতে সময় লাগত মাত্র ১৫ থেকে ২০ মিনিট। দুর্ঘটনাস্থলের রেলক্রসিং পার হওয়ার পর গন্তব্যে পৌঁছাতে বাকি ছিল মাত্র আধা কিলোমিটার পথ।
স্বজনদের ধারণা, ট্রেন চলে যাওয়ার অপেক্ষায় রেলক্রসিংয়ে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকলেই হয়তো এই মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। অল্প কিছু সময়ের ব্যবধানেই একটি পরিবারের জীবনে নেমে এসেছে অপূরণীয় বিপর্যয়।
এ দুর্ঘটনার পর কক্সবাজারের বিভিন্ন রেলক্রসিংয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। রামুর মাছুয়াখালী, রশিদনগরসহ বিভিন্ন এলাকায় অতীতেও রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও টমটম দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কয়েকটি রেলক্রসিংয়ে গেটম্যান না থাকা কিংবা পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাব ঝুঁকি বাড়াচ্ছে।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদিন জানান, ট্রেনের হর্ন বাজানোর পরও অটোরিকশাচালকের অসতর্কতা ও অধৈর্যের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।
অন্যদিকে কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান জানিয়েছেন, রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঝুঁকিপূর্ণ রেলক্রসিংগুলোতে গেটম্যান নিয়োগ এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
একটি পরিবারের পাঁচ সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের পাশাপাশি শোকাহত স্থানীয় বাসিন্দারাও। বিশেষ করে ছয় মাসের শিশুকন্যা, স্বামী ও পরিবারের অন্য সদস্যদের হারিয়ে শেষ পর্যন্ত তানিয়ার মৃত্যুর ঘটনায় শোক আরও গভীর হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনাটি আবারও মনে করিয়ে দিয়েছে, রেলক্রসিংয়ে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা কতটা জরুরি।

















