ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে ঢাকার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিদল। মাঠ, পিচ ও আধুনিক সুযোগ-সুবিধা সরেজমিনে ঘুরে দেখে স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। আগামী ২২ ও ২৩ অক্টোবর এই মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও বিসিবি একাদশের মধ্যে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধানসহ প্রতিনিধিদলের সদস্যরা স্টেডিয়ামটি পরিদর্শন করেন। এ সময় তাঁরা খেলার মাঠ, পিচ এবং খেলোয়াড়দের জন্য থাকা অন্যান্য সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। আসন্ন আন্তর্জাতিক ক্রিকেট দলের প্রস্তুতি ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামটির প্রস্তুতি ও ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তাঁরা।
বিসিবি সূত্রে জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ দলের বিশেষ অনুরোধে পূর্বনির্ধারিত তিন দিনের প্রস্তুতি ম্যাচটি কমিয়ে দুই দিন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২২ ও ২৩ অক্টোবর আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সফরকারী দলের জন্য ১৯ ও ২৪ অক্টোবর বিশ্রামের দিন রাখা হয়েছে।
বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, মিলল আর্থিক সহায়তার আশ্বাস!

এদিকে ওয়েস্ট ইন্ডিজ দলকে আতিথেয়তা দিতে প্রস্তুত এবিজি স্পোর্টস সিটি কর্তৃপক্ষ। এদিন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রতিষ্ঠানটির পরিচালক ইমরুল হাসান বলেন, ‘আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি তাদেরকে আতিথেয়তা দেওয়ার জন্য। কারণ এ খেলার মাধ্যমে কিন্তু এই আনভীর ক্রিকেট স্টেডিয়ামের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, যেটা আমাদের জন্য একটা অন্যতম বড় প্রাপ্তি। তো আমরা সেজন্য আসলে খুব উৎসাহ সহকারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমকে আতিথেয়তা দেওয়ার জন্য অপেক্ষা করছি।’
প্রস্তুতি ম্যাচকে কেন্দ্র করে স্টেডিয়ামসংলগ্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হচ্ছে। এই ম্যাচের মাধ্যমে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল ও বিসিবি একাদশ।
প্রস্তুতি ম্যাচ শেষে মূল টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

















