ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর থেকে হোটেলে নেওয়া হয় সেলেসাওদের। ভক্তদের ভিড় এড়াতে বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত পুরো পথে মোতায়েন ছিল বিপুলসংখ্যক পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে নয়টার দিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে ব্রাজিল দল। এরপর দেশের প্রতীকী সবুজ ও হলুদ রঙে সাজানো দুটি বাসে করে ভিআইপি গেট দিয়ে দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন দলের সদস্যরা। তাদের বহরে ছিল দুটি বাস ও পাঁচটি ব্যক্তিগত গাড়ি।
নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর ছিল যে বিমানবন্দরের আশপাশ কিংবা দলের যাতায়াতের পথে দাঁড়িয়ে ব্রাজিলের খেলোয়াড়দের দেখার সুযোগ পাননি সাধারণ দর্শকরা। প্রায় ৯০ সদস্যের দলটি মাত্র ১১ মিনিটের মধ্যে বিমানবন্দর এলাকা ছেড়ে যায়। এরপর মাত্র ৮ মিনিটে তারা পৌঁছে যায় নির্ধারিত হোটেলে।
মেসির বিদায়ে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘সব সময় তোমার পাশে আছি’!


হোটেলেও ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। তবে সেখানে কিছু দর্শক ব্রাজিলের ফুটবলারদের একনজর দেখার সুযোগ পান। ক্যাপ পরা ভিনিসিয়ুসকে দেখেই লবি থেকে ভেসে আসে ‘ভিনি ভিনি’ স্লোগান। খেলোয়াড়দের মধ্যে জলপাই সবুজ রঙের হুডি, শর্টস ও হলুদ ক্যাপ পরতে দেখা যায়।
তবে চোটের কারণে ব্রাজিলের সঙ্গে কলকাতায় আসেননি রাফিনিয়া।
শনিবার (৩ অক্টোবর) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। এর আগে শুক্রবার (২ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার কথা রয়েছে কোচ কার্লো আনচেলত্তির। তার সঙ্গে থাকবেন ব্রাজিলের একজন ফুটবলার।
পরে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত যুবভারতীর মূল মাঠে অনুশীলন করবে ব্রাজিল দল। অনুশীলন শেষে সরাসরি হোটেলে ফিরবে পুরো দল। ম্যাচের আগে এটাই হবে তাদের একমাত্র নির্ধারিত কার্যক্রম।

















