জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছেন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (৮ নভেম্বর) সকালে কালিয়াকৈরের ব্যস্ততম চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকা থেকে এই বিশাল র্যালি শুরু হয়। সকাল গড়াতেই চন্দ্রা ফ্লাইওভারের নিচে, বাসস্ট্যান্ড চত্বর ও গোলচত্বর এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।
কালিয়াকৈরের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতাকর্মী চন্দ্রায় এসে সমবেত হন। কারও হাতে দলীয় পতাকা, কারও হাতে ব্যানার-ফেস্টুন, কারও মুখে স্লোগান ছিল। ধীরে ধীরে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
পরে চন্দ্রা বাসস্ট্যান্ড থেকে পিকআপ ও মোটরসাইকেলযোগে বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে গাজীপুর-১ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাণিজ্যিক এলাকা প্রদক্ষিণ করে প্রায় ৫০ কিলোমিটার পথ অতিক্রম শেষে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ!

র্যালি যখন মহাসড়ক দিয়ে এগিয়ে যাচ্ছিল, তখন পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীরা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দোকানপাটের সামনে, ফুটপাতে ও মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে হাজারো সাধারণ মানুষ এবং পথচারীরা এই মিছিল দেখেন। অনেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিনন্দন জানান। র্যালির কারণে কিছু সময় মহাসড়কের ওই অংশে যানজটের সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, ৭ নভেম্বর শুধু একটি তারিখ নয়, এটি জাতীয় সংহতি, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। সিপাহি-জনতার ঐক্যের মাধ্যমে সেদিন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। সেই চেতনাকে ধারণ করেই বিএনপি এগিয়ে যাচ্ছে।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রবীণ নেতাদের পাশাপাশি তরুণ ও ছাত্রদলের কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই দলীয় টি-শার্ট ও ক্যাপ পরে র্যালিতে অংশ নেন। সারিবদ্ধভাবে হাঁটতে হাঁটতে তারা ঐক্য ও শৃঙ্খলার পরিচয় দেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, ৭ নভেম্বরের চেতনা হচ্ছে ঐক্য ও সংহতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিয়েছিলেন, আমাদেরকেও সেই আদর্শে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে সব ভেদাভেদ ভুলে বিএনপির সব স্তরের নেতাকর্মীকে এক কাতারে দাঁড়াতে হবে। গণতন্ত্র, ভোটের অধিকার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। কালিয়াকৈরের মানুষের সুখে-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম, পাশে থাকব।
সমাবেশে উদ্বোধনী অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যের দিন। সেদিন যেমন সিপাহি আর জনতা এক হয়েছিল, আজও শ্রমিক, চালক, মালিক আর সাধারণ মানুষকে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে।
তিনি আরও বলেন, পরিবহন শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা সচল রাখে। তাদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করতে হবে। কোনো ষড়যন্ত্র করে শ্রমিকদের বিভক্ত করা যাবে না। ঐক্যবদ্ধ শ্রমিকরাই দেশের শক্তি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দীর্ঘ সময় পর চন্দ্রায় এমন বড় ও সুশৃঙ্খল র্যালি দেখে স্থানীয়রা জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কালিয়াকৈরে যেন উৎসবের আমেজ তৈরি হয়েছিল। র্যালি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ এলাকায় ফিরে যান।
















