আইপিএলের মাঠে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। তবে এবার ক্রিকেটের বাইরের এক সম্পর্ক ঘিরে আলোচনায় দুই ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংসের বড় ভক্ত ও জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরকে বিয়ে করতে যাচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কাব্য মারান। আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে তাদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। তার সুর করা গান যেমন দর্শকদের কাছে জনপ্রিয়, তেমনি ক্রিকেটপ্রেমীদের কাছেও তিনি পরিচিত মুখ। মহেন্দ্র সিং ধোনি ও চেন্নাই সুপার কিংসের প্রতি তার বিশেষ ভালোবাসা রয়েছে। চেন্নাইয়ের ম্যাচেও নিয়মিত বাজতে শোনা যায় তার সংগীত।
অন্যদিকে, কাব্য মারান আইপিএলের অন্যতম আলোচিত মুখ। তিনি সানরাইজার্স হায়দরাবাদের মালিক ও সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারানের মেয়ে। দলটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মাঠে উপস্থিত থেকে দলকে সমর্থন জানানোয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে তার পরিচিতি রয়েছে।
ফুটবলে প্রথমবার কাগজের বদলে ইলেকট্রনিক কার্ড!

সম্প্রতি ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডির দপ্তরের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে কাব্য ও অনিরুদ্ধর বিয়ের সংবর্ধনার তথ্য সামনে আসে। কালানিধি মারান ও তার স্ত্রী কাভেরি মারান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।
ওই পোস্টে জানানো হয়, সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারান ও তার স্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে জুবিলি হিলসে তার বাসভবনে সাক্ষাৎ করেন। এ সময় তারা কাব্য মারান ও অনিরুদ্ধ রবিচন্দরের বিয়ের সংবর্ধনায় আমন্ত্রণ জানান। আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে এ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
ভারতের কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১১ নভেম্বর গ্রিসে তাদের বিয়ের অনুষ্ঠান হতে পারে। তবে এ বিষয়ে দুই পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
কাব্য ও অনিরুদ্ধর সম্পর্ক নিয়ে আলোচনা অবশ্য নতুন নয়। ২০২৫ সালের জুনে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছিল, এক বছরের বেশি সময় ধরে প্রেম করছেন তারা এবং বিয়ের পরিকল্পনাও করছেন। পরে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে দুজনকে একসঙ্গে নৈশভোজে দেখা যাওয়ার খবর সামনে এলে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বাড়ে।
তবে এর আগে কাব্য মারানের সঙ্গে নিজের সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন অনিরুদ্ধ। এ বছর তার চাচা অভিনেতা ও সংগীতশিল্পী ওয়াই জি মহেন্দ্র এক সাক্ষাৎকারে অনিরুদ্ধ ও কাব্যর বিয়ের বিষয়ে ইঙ্গিত দেন। এবার মুখ্যমন্ত্রীর দপ্তরের পোস্টে বিয়ের সংবর্ধনার তথ্য প্রকাশ্যে আসায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আইপিএলের দুই প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে যুক্ত দুই পরিচিত ব্যক্তিত্বের বিয়ের খবর তাই ক্রিকেটপ্রেমীদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে। তবে বিয়ের তারিখ ও আয়োজন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত গ্রিসে বিয়ের খবরটিকে সম্ভাব্য তথ্য হিসেবেই দেখা হচ্ছে।

















