নাশকতার অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলুকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এনামুল হক নিলু সদর উপজেলার ৪ নম্বর হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের হাজী রুস্তম আলীর ছেলে। তিনি বর্তমানে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানায়, গত ১০ নভেম্বর সদর উপজেলার নগরবাথান বাজার এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় এনামুল হক নিলুকে গ্রেফতার করা হয়েছে।
নবান্ন উৎসবে কালাইয়ে ঐতিহ্যবাহী মাছের মেলা, বিক্রির আশা দুই কোটি টাকা

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১০ নভেম্বর সদর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী একটি মামলায় অ্যাডভোকেট এনামুল হক নিলুকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার চেষ্টা ও জানমালের ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
















