সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) ক্যাম্পাসে নিটার ইসলামিক সোসাইটির (NIS) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘NITER Islamic Conference 2026’। রবিবার ও সোমবার (৮ ও ৯ নভেম্বর) আয়োজিত এ সম্মেলনে ইসলামিক জ্ঞানচর্চা, বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা পর্ব, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় ‘ইলম কুইজ’ প্রতিযোগিতার মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় বক্তৃতা প্রতিযোগিতা ‘ভয়েস অব ঈমান’, ইসলামিক সংগীত (নাশিদ) ও ক্বিরাত প্রতিযোগিতা। দুপুরে জোহরের নামাজের বিরতির পর পুনরায় শুরু হয় প্রতিযোগিতামূলক কার্যক্রম। এ পর্বে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা ও ‘ট্রেজার হান্ট’। দিনব্যাপী এসব প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হয় সম্মেলনের প্রথম দিনের আয়োজন।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয় সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম। এদিন ক্যাম্পাসে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের স্টল স্থাপন করা হয়। জাইনমহল, সিয়্যান পাবলিকেশন, গ্রামীণ রোলস, চুমুক, ইকরা ও ইকরা ওয়েভ ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান এসব স্টলের মাধ্যমে তাদের পণ্য ও বিশেষ অফার নিয়ে অংশগ্রহণ করে।
গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন!

দ্বিতীয় দিনের কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দিনের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয় সম্মেলনের মূল আলোচনা পর্ব। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও হাসনাহ্ ফাউন্ডেশনের সভাপতি ড. মিজানুর রহমান আজহারী।
বক্তব্যে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। শ্রমিকের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, মহানবী (সা.) শ্রমিকের পারিশ্রমিক তার ঘাম শুকানোর আগেই পরিশোধের নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার রক্ষার বিষয়েও আলোকপাত করেন।
নারীর অধিকার প্রসঙ্গে ড. আজহারী বলেন, জাহেলি যুগে কন্যাসন্তানকে জীবিত দাফনের মতো প্রথা প্রচলিত থাকলেও মহানবী (সা.) নারীদের সম্মান, শিক্ষা, সম্পত্তি ও মতপ্রকাশের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ ছাড়া সংখ্যালঘুদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, অন্যায়ভাবে কোনো অমুসলিম নাগরিকের ওপর জুলুম করলে কিয়ামতের দিন মহানবী (সা.) নিজেই তার বিরুদ্ধে অবস্থান নেবেন। বক্তব্যে তিনি মহানবী (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমে নৈতিকতা, মানবিকতা ও পারস্পরিক অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা পর্বের পর পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ ও নাত পরিবেশন করা হয়। পরবর্তী পর্বে বক্তব্য দেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও বিসমিল্লাহ অ্যাগ্রোর প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম। তিনি ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা হওয়ার মানসিকতা, আত্মবিশ্বাস এবং জীবনের লক্ষ্য নির্ধারণ ও তা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সন্ধ্যার আয়োজনে ক্বিরাত পরিবেশন করেন হাফেজ ক্বারি ইঞ্জিনিয়ার আশেক বিল্লাহ। এরপর জনপ্রিয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠী সংগীত পরিবেশন করে।
দুই দিনব্যাপী এ সম্মেলনে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ইসলামিক জ্ঞানচর্চা ও নৈতিক মূল্যবোধবিষয়ক কার্যক্রমের সুযোগ তৈরি করা হয়। বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ‘NITER Islamic Conference 2026’।

















