গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের জয়দেবপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বর্তমানে চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিমকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার পরিবারের সদস্যদেরও ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাত নম্বর থেকে হোয়াটসঅ্যাপে এসব হুমকি পাওয়ার পর নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডির তথ্য অনুযায়ী, গত বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে দফায় দফায় ওসি মোহাম্মদ আব্দুল হালিমের সরকারি মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপে হুমকিমূলক বার্তা পাঠানো হয়।
সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

বার্তাগুলো বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই পাঠানো হয়েছে। ইংরেজিতে পাঠানো একটি বার্তায় লেখা হয়, ‘How are you, We are worry about your family, If u keep on doing what you did we will take action very soon’।
অন্যদিকে, বাংলায় পাঠানো বার্তায় ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার হুঁশিয়ারি দেওয়া হয়। বার্তায় বলা হয়, ‘পরিবার শেষ করে দেবো। বংশ শেষ করে দেবো, আজকের পর থেকে কোন ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হলে খবর আছে […] গ্রেফতার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই। এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস না হলে রাস্তায় পড়ে থাকবি।’
এ ঘটনায় গত ১৮ নভেম্বর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল হালিম নিজে বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডির নম্বর ৯০৪।
থানার একাধিক সূত্র জানিয়েছে, হুমকি দেওয়া নম্বরটি শনাক্ত করা এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
















