নোয়াখালী প্রতিনিধি:
সামাজিক সম্প্রীতি জোরদার ও মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীর সোনাইমুড়ীতে অনুষ্ঠিত হয়েছে চল্লিশোর্ধ্বদের প্রীতি ফুটবল ম্যাচ। খেলাকে কেন্দ্র করে দুই ইউনিয়নের মানুষের মধ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
গতকাল বিকেলে উপজেলার আবিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আমিশাপাড়া ও দেওটি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটির আয়োজন করেন সমাজসেবক আশরাফ আহমেদ ও দেওটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেদ আলম।
টঙ্গীর সেই মাদ্রাসাশিক্ষকের জামিন আবেদন নাকচ!

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে দুই ইউনিয়নের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-২ গোলে জয়লাভ করে আমিশাপাড়া ইউনিয়ন।
স্থানীয়রা মনে করেন, এ ধরনের আয়োজন নিয়মিত করা হলে তরুণদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বাড়ার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে।
















