সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠার আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ফাইনালে উঠলে সেই ম্যাচ উপভোগ করতে জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। ম্যাচ শুরুর প্রায় ৪৫ মিনিট আগে স্টেডিয়ামে পৌঁছান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরে ভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় বাংলাদেশ দলের খেলোয়াড় হামজা, ফারহান ও সামিতের পারফরম্যান্সের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। দলের সাম্প্রতিক খেলার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি।
বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, মাত্র ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল!

আমিনুল হক বলেন, ‘বাংলাদেশের মানুষ, সব দর্শক এই ম্যাচের দিকে তাকিয়ে আছে। আমাদের প্রধান লক্ষ্য সেমিফাইনাল ম্যাচটি পার করা। গত ম্যাচে বাংলাদেশ যেভাবে খেলেছে, সেটা ধরে রাখতে পারলে পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব, ইনশাআল্লাহ।’
এদিকে বাংলাদেশ ফাইনালে উঠলে সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের খেলোয়াড়রা, হামজা-ফারহান-সামিতরা খুব ভালো খেলছে। আমরা ফাইনালে যাব এবং সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, ইনশাআল্লাহ।’
এদিকে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল ঘিরে জাতীয় স্টেডিয়ামে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। প্রিয় দলের জয় দেখতে গ্যালারিতে জড়ো হয়েছেন সমর্থকেরা। তাঁদের প্রত্যাশা, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ

















