ফেনীতে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আনোয়ার হোসেন মজনুকে আহ্বায়ক ও জামাল হোসেন শামীমকে সদস্যসচিব করে সাত সদস্যের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় ফেনীর এসএসকে রোডের দ্য রয়েল স্যালমন রেস্টুরেন্টে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী রাকিবুল ইসলাম লিহি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য শারমিন সুলতানা চৈতি।
মতবিনিময় সভায় বক্তারা উগ্রবাদী মতাদর্শ, রাজনৈতিক সহিংসতা ও সাম্প্রদায়িক উস্কানিসহ দেশের বিভিন্ন সংকট নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, প্রতিটি মানুষের নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। বাকস্বাধীনতা, নিজস্ব ধর্মীয় বিশ্বাস লালন এবং সংস্কৃতি পালনের অধিকার মানুষের সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার। তবে উগ্রবাদী গোষ্ঠীর কারণে এসব অধিকার বর্তমানে হুমকির মুখে পড়েছে।
রাজপথে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল

বক্তারা বলেন, এ ধরনের হুমকি মোকাবিলা করে সবার জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। এ সময় উপস্থিত বক্তারা ‘সবার জন্য বাংলাদেশ’ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে উদ্যোগটিকে সময়োপযোগী বলে মন্তব্য করেন।
জেলা কোঅর্ডিনেটর আনোয়ার হোসেন মজনুর সভাপতিত্বে এবং মঞ্জুর বিন সুলতানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক স্টারলাইনের সহযোগী সম্পাদক জসিম উদ্দিন মাহমুদ, ফেনী সদর উপজেলা হিন্দু বৈদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তরের সাংবাদিক ও দৈনিক এবেলার সম্পাদক যতন মজুমদার, বোগদাদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. গিয়াস উদ্দিন মীর, এসএ টিভি ও যুগান্তরের উপজেলা প্রতিনিধি সাংবাদিক জাবেদ মামুন, ফেনী জেলা জজ কোর্টের অ্যাডভোকেট বোরহান উদ্দিন এবং দৈনিক ফেনীর শক্তির সম্পাদক শেখ ফরিদ রতনসহ অনেকে।
সভায় আরও উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহেদ মামুন, নুরুল আবছার সোহাগ, সিনিয়র শিক্ষক মো. এনামুল হক, আব্দুল কায়ুম চৌধুরী, ফেনী জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, ডা. এম.এ আলিম, সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম জেহাদি, সাংবাদিক হাসান মাহমুদ, সাংবাদিক আবু ইউসুফ মিন্টু, মানবাধিকার কর্মী পলাশ রায়, আজিম মিয়াজী, মোসলে উদ্দিন সবুজ, জামাল উদ্দিন রুবেল, মোহাম্মদ কিবরিয়া ও সাংবাদিক এসএস খোকন।
সভায় উপস্থিত বক্তারা সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে উগ্রবাদমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ তথা রাষ্ট্র বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

















