ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই নারী পুলিশ হেফাজতে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সরকার ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে সাথী আক্তারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তিনি ওই এলাকার সাথী বিউটি পার্লারের মালিক। তাঁর ফেসবুক পোস্টের বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে এলে এলাকায় উত্তেজনা দেখা দেয়।
পরে স্থানীয় লোকজন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাথী আক্তারের বিউটি পার্লারে গিয়ে তাঁর কাছে এসব মন্তব্যের বিষয়ে জানতে চান। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয়।
ওয়াজ শেষে ফেরার পথে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি!

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় লোকজন সাথী আক্তারকে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ তাঁকে হেফাজতে নেয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, সরকার ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে কটূক্তির অভিযোগে স্থানীয় লোকজন ওই নারীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

















