রায়হানুল ইসলাম, বগুড়া:
“নতুন ধানে ভাত রেঁধেছি”, বাঙালির চিরায়ত এই লোকজ সুর ও আবেগকে ধারণ করে ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির আবহে বগুড়ায় উদযাপিত হয়েছে হেমন্তের অন্যতম প্রধান উৎসব ‘নবান্ন উৎসব’।
সোমবার (১৬ নভেম্বর) ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ বিকেল ৪টায় শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’ ও ‘ঋদ্ধ সৃজন’ এর যৌথ উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।
‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। এ সময় আরও উপস্থিত ছিলেন এখন টিভি বগুড়া ব্যুরো প্রধান মাজেদুর রহমান। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তিনি কোমলমতি শিশু শিল্পীদের মুখে নতুন ধানের তৈরি ঐতিহ্যবাহী খাবার তুলে দিয়ে এ উৎসবের সূচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান রানু বলেন, “নবান্ন উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতি। নতুন ধান কাটা এবং সেই ধানের প্রথম অন্ন গ্রহণকে কেন্দ্র করেই পালিত হয় নবান্ন উৎসব। বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম এই উৎসব আমাদের হৃদয়ের বন্ধনকে আরও গভীর ও সুদৃঢ় করে তোলে। নতুন প্রজন্মের মাঝে এই চেতনা ছড়িয়ে দেওয়া আমাদের সকলের দায়িত্ব।”
চিকিৎসায় অবহেলায় মৃত্যু, পাঁচ মাস পর গৃহবধূর মরদেহ উত্তোলন

ঐতিহ্যবাহী এই উৎসব আয়োজনের জন্য তিনি ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’কে ধন্যবাদ জানান।
আলোচনা পর্বে অংশ নিয়ে জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার পরিচালক কৃষ্ণ কুমার শীল বলেন, নবান্ন শুধু খাবার গ্রহণের উৎসব নয়, এটি প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় মৈত্রীর বন্ধন।
চিকিৎসক ডা. নাজনিন সুমাইয়া বলেন, বর্তমান যান্ত্রিকতার যুগে আমাদের ঐতিহ্যগুলোকে টিকিয়ে রাখতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত জরুরি।
এ ছাড়া সংগঠনের সদস্য অদিতি সিনহা ও সুমনা ইয়াসমিন সোমা তাদের বক্তব্যে বাঙালির লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে নতুন প্রজন্মকে শেকড়মুখী হওয়ার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পর্ব। কোরিওগ্রাফার মাহাবুব হাসান সোহাগের সুনিপুণ নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’ ও ‘ঋদ্ধ সৃজন’ এর শিল্পীরা লোকগানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন।
উৎসবের ঐতিহ্য বজায় রাখতে অতিথিদের চিড়া, মুড়ি, মুড়কি, মোয়া, খই এবং শীতের নানা রকম মুখরোচক পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। তাসনিম ত্রয়ী ও মাহাবুব হাসান সোহাগের সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

















