আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। এবার এ ঘটনায় নিজের অবস্থান জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। একই সঙ্গে সাংবাদিকদের কাছে পরীমনিকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটিরশিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন হিরো আলম।
গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আজকে যদি মিডিয়া না থাকত, তাহলে আমি হিরো আলম আপনাদের সামনে আসতে পারতাম না। এই মিডিয়ার কারণেই আজকে আমি হিরো আলম হয়েছি।”
‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!

পরীমনির আচরণে হতাশা প্রকাশ করে হিরো আলম বলেন, সেলিব্রিটি ও গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সবারই সাংবাদিকদের প্রতি সম্মান দেখানো উচিত। প্রথম সারির নায়িকা পরীমনি আপা একজন সাংবাদিককে যে গালিগালাজ করেছেন, তা খুবই দুঃখজনক ও লজ্জাজনক।
পরীমনির উদ্দেশে তিনি বলেন, “আমরা চাই এই বিষয়ের দ্রুত অবসান হোক। পরীমনি আপা, আপনি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান। কারণ, যে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, সেই মিডিয়াই আপনাকে জিরোইন বানাতে পারে!”
হিরো আলম আরও বলেন, দেশজুড়ে এ ঘটনা নিয়ে যে আলোচনা চলছে, তার অবসান ঘটাতে পরীমনির ক্ষমা চাওয়া উচিত। কাদা ছোড়াছুড়ি না করে বিষয়টি মিটিয়ে নেওয়ারও আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, আদালত থেকে জামিন পাওয়ার পর বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় এক সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া ও ট্রাইপড ভাঙচুরের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।
















