মেহেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের এহসানিয়া দরবার শরিফে এই আয়োজন করা হয়। এ সময় দুই দরবার শরিফের সাধু-পীরসহ প্রায় ৪০০ অনুসারী অংশগ্রহণ করেন।
‘সবার জন্য বাংলাদেশ’-এর মেহেরপুর জেলার আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের দিকনির্দেশনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মো. আরিফুল ইসলাম। তিনি অতিথিদের মাঝে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন।
এ সময় তিনি শিল্প-সংস্কৃতির বিরুদ্ধে চলমান আগ্রাসন রোধে আদর্শিকভাবে সংগ্রামের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি সমাজে ধর্মীয় বিদ্বেষ, হানাহানি ও বিভেদ দূর করে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি এবং ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও মব সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

আলোচনা সভায় বুড়িপোতা ইউনিয়নের বাউল সম্প্রদায়ের সভাপতি আবু সলিম, এহসানিয়া দরবার শরিফের পীর সিদ্দিক আহম্মেদ ভুঁইয়া, ক্যাশিয়ার তারিক ভুঁইয়াসহ অসংখ্য সাধু ও ভক্ত উপস্থিত ছিলেন।
বুলবুল আহম্মেদের উপস্থাপনায় আলোচনা সভায় উগ্রবাদের বিরুদ্ধে আদর্শিক লড়াই ও ঐক্যের চেতনার ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। পরে সাংস্কৃতিক সন্ধ্যা ও বাউল গানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত সকলে উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ‘সবার জন্য বাংলাদেশ’-এর সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

















