ইংলিশ চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ইউনাইটেড। হারের ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে লাল কার্ড পাওয়ায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে আগামী শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে শেফিল্ড ইউনাইটেডকে।
ফ্রাটন পার্কে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় হামজাকে। ম্যাচের ৩৩ মিনিটে রায়ান কাভুমা-ম্যাককুইনকে ফাউল করায় প্রথম হলুদ কার্ড দেখেন তিনি। এর ঠিক ১০ মিনিট পর একই খেলোয়াড়ের সঙ্গে আরেকটি চ্যালেঞ্জে জড়িয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বাংলাদেশের এই মিডফিল্ডার। ফলে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।
তবে হামজার দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। ওই ঘটনায় কাভুমা হামজার পায়ের ফাঁক দিয়ে বল নিয়ে সামনে এগিয়ে যান। পরে হামজার সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান তিনি। প্রথম হলুদ কার্ডের সিদ্ধান্ত নিয়ে তেমন বিতর্ক না থাকলেও দ্বিতীয় কার্ডটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
৪ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস!

ম্যাচে শুরুতে দুই গোলে পিছিয়ে পড়েছিল শেফিল্ড ইউনাইটেড। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-২ গোলে সমতা ফেরায় দলটি। তবে ম্যাচের ৮৯ মিনিটে এবু অ্যাডামসের গোলে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) নিয়ম অনুযায়ী, এক ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হলে সাধারণত পরবর্তী এক ম্যাচে নিষিদ্ধ থাকতে হয় সংশ্লিষ্ট খেলোয়াড়কে। সেই নিয়মের কারণে ব্রিস্টল সিটির বিপক্ষে খেলতে পারবেন না হামজা।
এদিকে শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার দাবি করেছেন, রেফারি প্রথমে হামজাকে জানিয়েছিলেন যে তাঁকে মাঠ ছাড়তে হবে না। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। এ ঘটনায় রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
















