পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনে উসকানি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে তিন শ্রমিক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সাভারের আশুলিয়ার পৃথক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আ. হালিম (৩৭), বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮) এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী (৪৬)।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলমান শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে অস্থিরতা তৈরির বিষয়ে যথাযথ তথ্যপ্রমাণের ভিত্তিতে ওই তিন শ্রমিক নেতাকে আটক করা হয়েছে।
শ্রমিক আন্দোলনে হামলার ভিডিও করতে গিয়ে প্রাণ হারানো তৌফিকের মরদেহ পৌঁছাল গাইবান্ধায়!

ডিবি পুলিশ জানায়, আটক শামীমকে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে আটক করা হয়। অন্যদিকে হালিম ও মনসুর আলীকে বসুন্ধরা সোনিয়া মার্কেট এলাকা থেকে আটক করা হয়েছে।
ওসি সাইদুল ইসলাম আরও জানান, আটক তিনজনকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















