চট্টগ্রাম প্রতিনিধি:
মিথ্যা মামলা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের (সিডিডিএস) সাধারণ সম্পাদক মো. তসলিম হোসেন।
গত বুধবার (২১ অক্টোবর) নগরীর চেরাগী পাহাড় মোড়ে অবস্থিত শাহ আনিস মসজিদ মার্কেটের পঞ্চম তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাতকানিয়ায় চলমান ইমরানের মেলা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের কারণে মেলাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মেলার সঙ্গে প্রায় ৩০০ পরিবারের কর্মসংস্থান জড়িত। মেলা বন্ধ হলে ক্ষুদ্র উদ্যোক্তারা চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন।
তিনি অভিযোগ করেন, সংবাদে তাকে ‘প্রতারক’ ও ‘দুর্নীতিবাজ’ আখ্যা দেওয়া হয়েছে। অতীতে তাকে একটি মামলায় জড়ানো হলেও ওই ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন না বলে দাবি করেন তিনি। মামলাটিকে নিজের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা বলেও উল্লেখ করেন।
গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের উৎসব, মৎস্য বিভাগের অভিযান নিয়ে প্রশ্ন

তসলিম হোসেন বলেন, “আমি চাই প্রধানমন্ত্রী বরাবর সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুউল্লাহ নুরীর বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে, সে অভিযোগের যথাযথ তদন্ত হোক। আমি সমাজে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি যেন তার সঠিক ক্ষতিপূরণ পাই। প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন থাকবে, এই বিষয়টিতে তার সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। আমি একজন জুলাই যোদ্ধা ও মহানগর বিএনপির সাবেক সদস্য।”
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তসলিম হোসেন বলেন, মেলাটি চালু থাকলে ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশাপাশি মেলা কমিটির সহযোগিতায় তাদের প্রতিবন্ধী সংগঠনও উপকৃত হবে। তাই কর্মসংস্থান ও উদ্যোক্তাদের স্বার্থ বিবেচনায় মেলাটি কোনোভাবেই বন্ধ করা উচিত নয় বলে তিনি জোর দাবি জানান।
















