সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের গলির প্রবেশপথের গেটে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। ঘটনার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন সংবাদমাধ্যমকে জানান, দুর্বৃত্তরা একটি কাপড়ে কেরোসিন মিশিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে জ্বলন্ত কাপড়টি বাসার সামনের গলির প্রবেশপথের গেটের সঙ্গে ঝুলিয়ে দেয়।
তিনি আরও জানান, নগরীর দাড়িয়াপাড়া এলাকার ওই গলির ভেতরে তিন থেকে চারটি বাসা রয়েছে। এর মধ্যে একটি বাসা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের। ঘটনার পর আশপাশের ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ওই এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।
১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

অন্যদিকে, সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কুতুব উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সিলেটে অগ্নিকাণ্ডের কোনো খবর তাদের কাছে আসেনি।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করার তথ্য পাওয়া যায়নি।
















