সুনামগঞ্জ প্রতিনিধি:
১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে আটক করে পুলিশে দিয়েছেন গ্রামবাসী। আটক ইমামের নাম সাদিকুর রহমান (৪২)। তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের মসজিদের ইমাম।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে পুলিশের কাছে ইমাম সাদিকুর রহমানকে হস্তান্তর করেন গ্রামের লোকজন। এর আগে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ইয়ারাবাদ গ্রামের মসজিদের ইমামের কক্ষের বিছানার লেপের নিচ থেকে ওই কিশোরীকে উদ্ধার করেন মসজিদের আশপাশের বাড়ির লোকজন। ওই কিশোরীকে জোর করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সাদিকুর রহমান ১১ মাস ধরে ইয়ারাবাদ গ্রামের মসজিদে ইমামতি করছেন। তার বাড়ি একই উপজেলার হবিবপুর ইউনিয়নের জাতগাঁও গ্রামে।
আটক ইমাম পুলিশ ও গ্রামবাসীর কাছে ওই কিশোরীর হাত ধরার কথা স্বীকার করে বলেন, “ওই মেয়ে আমার কক্ষে ঢুকেছিল, তাই আমি ধরেছি। পরে মানুষ দেখে ফেলার ভয়ে তাকে লেপ দিয়ে ঢেকে রেখেছিলাম। হাত ধরা ছাড়া তার সঙ্গে অন্য কিছু করিনি। আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিন।”
শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইয়ারাবাদ গ্রামের ওই কিশোরী মসজিদের পাশ দিয়ে গ্রামের দোকান থেকে চা-পাতা আনতে যাচ্ছিল। এ সময় ইমাম তাকে জোর করে তার কক্ষে টেনে নেন। গ্রামের দুই স্কুলছাত্র ওই কিশোরীকে ইমামের কক্ষে টেনে নিয়ে যেতে দেখে। তারা ইমামের কক্ষের সামনে কিশোরীর জুতা দেখে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরে গ্রামের লোকজন ইমামের কক্ষে ঢুকে বিছানায় থাকা লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন। বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ইমাম সাদিকুর রহমানকে মারধর করে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে দুপুরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্র জানায়, তারা সকালে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পায়, ওই কিশোরীর হাত ধরে ইমামের কক্ষের ভেতরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গেই তারা আশপাশের লোকজনকে জানায়। পরে গ্রামের লোকজন ইমামের লেপের ভেতর থেকে কিশোরীকে উদ্ধার করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও কিশোরীকে উদ্ধারকারী ইয়ারাবাদ গ্রামের নাজির উদ্দিন বলেন, “সকালে দুজন স্কুলছাত্র এসে জানায়, ইমাম ওই মেয়েকে টেনে তার কক্ষের ভেতরে নিয়ে গেছেন। পরে সবার উপস্থিতিতে ইমামের কক্ষের ভেতরে গিয়ে লেপের নিচ থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এরপর সবার সামনে ইমাম মেয়ের হাত ধরার কথা স্বীকার করেন।”
ওই কিশোরী স্থানীয়দের জানায়, সকালে চা-পাতা আনার জন্য সে দোকানে যাচ্ছিল। এ সময় মসজিদের ইমাম তার হাত ধরে কক্ষের ভেতরে নিয়ে মুখ চেপে ধরে লেপ দিয়ে ঢাকার চেষ্টা করেন। সে চিৎকার করতে চাইলে মুখে চাপ দিয়ে ধরে রাখেন। পরে লোকজন যাওয়ার পর সে মুক্ত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বলেন, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদের ইমামকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থানা থেকে অনেক দূরে। তাকে থানায় নিয়ে আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















