সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শনিবার (১৪ নভেম্বর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। রাজধানীর জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে দুই দলের গুরুত্বপূর্ণ লড়াই। ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা থাকলেও বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে আলাদা করে ভাবছেন না বলে জানিয়েছেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট।
শুক্রবার (১৩ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটিতে সেমিফাইনালের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ইউসুফ। এ সময় হামজাকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি হামজাকে নিয়ে ভাবছি না। আমি ভাবছি, আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার সঙ্গে খেলার কথা।’
বাংলাদেশ দলে হামজা চৌধুরীকে ঘিরে ব্যাপক আলোচনা থাকলেও পাকিস্তানের গোলরক্ষক নিজেদের দলের সামর্থ্যের ওপর আস্থা প্রকাশ করেছেন। ইউসুফ বলেন, ‘হামজা চৌধুরীকে নিয়ে অনেক কথা হয়। কিন্তু আমাদের দলেও ভালো খেলোয়াড় আছে। আমি নিশ্চিত করে বলতে পারি, আমাদেরও ভালো খেলোয়াড় আছে।’
এবার অভিনয়ে রোনালদো, শুরু হলো প্রথম টেলিভিশন সিরিজের নির্মাণকাজ!


পাকিস্তান দলে নতুন করে পাঁচজন খেলোয়াড় যোগ দিচ্ছেন। তাঁদের নিয়েও আশাবাদী ইউসুফ। তাঁর প্রত্যাশা, নতুন খেলোয়াড়েরা মাঠে নেমে দলকে সহযোগিতা করবেন। তবে তাঁর মতে, ফুটবল কোনো একক খেলোয়াড়ের খেলা নয়; এটি পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা। তাই বাংলাদেশের বিপক্ষে দল হিসেবে নিজেদের সেরাটা দিতে চায় পাকিস্তান।
















