সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া পরেই ফিরতে হবে এবং তার বিরুদ্ধে ওঠা অপরাধের অভিযোগের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফেরার কথা বললেও এখনো ফিরছেন না। প্রয়োজনে সরকারই তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা কোটি কোটি ডলার নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিয়ে ডিসেম্বরে দেশে ফেরার কথা বলছেন। তিনি আসবেন বলে ঘোষণা দিলেও বাস্তবে ফিরছেন না। দেশে না ফিরলে সরকারই তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে বলেও মন্তব্য করেন ইয়াসের খান চৌধুরী।
কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত, স্ত্রী আহত

১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ওই সময়ের পর আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করেছিল। দেশে দুর্ভিক্ষ, অস্থিরতা ও বিভাজনের পরিস্থিতি তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে ৭ নভেম্বর সিপাহি-জনতা বন্দি জিয়াউর রহমানকে মুক্ত করেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান বিভাজনের রাজনীতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার যখনই হুমকির মুখে পড়েছে, তখনই জিয়াউর রহমান ও তার পরিবার জনগণকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছেন।
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী অভিযোগ করেন, একটি কুচক্রী মহল দেশে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে নারী, শিশু ও সাধারণ মানুষকে হত্যা এবং গুমের অভিযোগ রয়েছে। এসব অপরাধের বিচার নিশ্চিত করা হবে বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।
















