ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে নতুন করে শুরু হয়েছে কথার লড়াই। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার যোগ্যতা নিয়ে অপু বিশ্বাসের মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে কটাক্ষ করেছেন দুই নায়িকা। এবার পরীমনির খোঁচার জবাবে তার অভিনীত সিনেমার সাফল্য-ব্যর্থতার হিসাব টেনে কড়া মন্তব্য করেছেন অপু বিশ্বাস। তিনি বলেছেন, পরীমনির ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ।
ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তার এমন মন্তব্যের পরই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করেন, অপু বিশ্বাসের এই বক্তব্যের লক্ষ্য ছিলেন পরীমনি।
অপুর মন্তব্যের জবাব দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন পরীমনি। সেখানে তিনি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে— একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’
অপু-বুবলী নন, অন্য এক তরুণীকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!

পোস্টে অপু বিশ্বাসকে উদ্দেশ করে আরও কটাক্ষ করেন পরীমনি। তিনি লেখেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XD।’
পরীমনির এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়। এবার সেই পোস্টের জবাব দিয়েছেন অপু বিশ্বাস। রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে পরীমনিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০টা সিনেমাই ফ্লপ, ৫টা আন্ডার প্রোডাকশন, সেই মানুষ আমার জায়গায়, আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আমি ফেসবুক ওইভাবে ইউজ করি না। আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ড আছে, ওদের পোস্ট সামনে আসলে সেখানেই কমেন্ট করা হয়। যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’
দুই অভিনেত্রীর এমন পালটাপালটি মন্তব্য ঘিরে ঢালিউড অঙ্গনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা। ব্র্যান্ড প্রচারণা নিয়ে শুরু হওয়া এই বিতর্ক শেষ পর্যন্ত ব্যক্তিগত কটাক্ষে রূপ নিয়েছে। এখন পরীমনি এ বিষয়ে নতুন করে কোনো প্রতিক্রিয়া জানান কি না, সেটিই দেখার অপেক্ষা।
















