টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দেব ও শুভশ্রী গাঙ্গুলীর নতুন সিনেমা ‘দেশু৭’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও চিঠির মাধ্যমে নিজের ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে পরিচালক হিসেবে দেবকে দেখার আগ্রহের কথাও জানিয়েছেন এই অভিনেতা।
দেব ও শুভশ্রী গাঙ্গুলীকে আবারও একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন তাঁদের অনুরাগীরা। দীর্ঘ বিরতির পর ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে এই জুটিকে একসঙ্গে দেখেছিলেন দর্শক। এবার তাঁদের সপ্তম সিনেমা ‘দেশু৭’ ঘিরে তৈরি হয়েছে নতুন আগ্রহ। সম্প্রতি কলকাতায় সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে শুটিংয়ের কাজে বাইরে থাকায় সেখানে উপস্থিত থাকতে পারেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
দেবের নতুন পথচলাকে বিশেষভাবে স্বাগত জানিয়ে চিঠিতে প্রসেনজিৎ লেখেন, ‘স্নেহের দেব, তোমাদের দেশু৭-এর ট্রেলার লঞ্চে উপস্থিত থাকতে পারলাম না, আউটডোর শুটে আছি। তোমার জীবনের এক নতুন যাত্রা শুরু হচ্ছে, একজন পরিচালক হিসেবে। এই নতুন পথচলার জন্য তোমাকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা।’
স্ত্রীর সঙ্গে ৩৫ বছরের দূরত্ব, তবু বিচ্ছেদ করেননি নানা পাটেকার!

দীর্ঘদিন ধরে দেবকে অভিনেতা হিসেবে দেখেছেন প্রসেনজিৎ। এবার পরিচালকের ভূমিকায় তাঁকে দেখার জন্যও আগ্রহী তিনি। চিঠিতে সেই প্রত্যাশার কথাও তুলে ধরেছেন এই বর্ষীয়ান তারকা। তাঁর এই শুভেচ্ছাবার্তা দেবের নতুন দায়িত্বকে ঘিরে আলোচনায় যোগ করেছে আরেকটি মাত্রা।
শুধু দেবকেই নয়, ‘দেশু৭’-এর পুরো দলকেও শুভকামনা জানিয়েছেন প্রসেনজিৎ। দেব ও শুভশ্রীকে আবারও একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষার কথাও প্রকাশ করেছেন তিনি। চিঠির শেষে সিনেমাটির পুরো দলের জন্য ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেতা।
এদিকে ‘দেশু৭’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অভিনেতা জিতের উপস্থিতিও ছিল আলোচনার অন্যতম বিষয়। অভিনয়ের পাশাপাশি পরিচালনায় দেবের এই নতুন যাত্রা দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। এবার ক্যামেরার সামনে অভিনয়ের বদলে পরিচালকের আসনে বসে দেব কীভাবে নিজের ভাবনা পর্দায় তুলে ধরেন, সেটিই দেখার অপেক্ষা।
সূত্র: এই সময়।
















