সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে চাঁদা দাবি, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আদালতে মামলার আবেদন করেছেন আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সোমবার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে তিনি এ আবেদন করেন।
হিরো আলমের আইনজীবী শান্তা সাকছিনা জানান, আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগ তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। এর আগে গত ১৬ অক্টোবর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন হিরো আলম।
মামলার আবেদনে প্রধান অভিযুক্ত হিসেবে সাবেক স্ত্রী মোসা. সাথী খাতুনের নাম উল্লেখ করা হয়েছে। অন্য দুই অভিযুক্ত হলেন হিরো আলমের সহযোগী আহসান হাবিব সেলিম ও মো. মহিদুল ইসলাম। হিরো আলমের অভিযোগ, অভিযুক্তরা তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে।
তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী!

আবেদনে হিরো আলম উল্লেখ করেন, সাথী খাতুন তার কাছে এসে মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ চান। পরে সংসারের খরচ ও পোশাক কেনার জন্য তাকে অর্থ দেন তিনি। অভিযোগ অনুযায়ী, গত ১৭ আগস্ট সাথীকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছিল। ওই অর্থ ব্যাংকে জমা রাখার কথা সাথী সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেছেন বলেও দাবি করেন হিরো আলম।
তার আরও অভিযোগ, গত ২২ আগস্ট ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পর সাথী মিউজিক ভিডিওর শুটিং ও সাজসজ্জার খরচ বাবদ আরও দুই লাখ টাকা দাবি করেন। পরে গত ২৯ সেপ্টেম্বর তাকে তালাক দেওয়ার পর তিন অভিযুক্ত মিলে তার কাছে ১৫ লাখ টাকা দাবি করেন।
হিরো আলম আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যদের গালাগাল করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি গত ১২ অক্টোবর অভিযুক্তরা সরাসরি সম্প্রচারে এসে তার জন্মদিনের অনুষ্ঠানে প্রকাশ্যে বিষপান এবং তাকে কারাগারে পাঠানোর হুমকি দেন বলেও মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারিত হবে।
















