স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস ২০২৬’ অর্জন করায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়েছে তার সাবেক ক্লাব বার্সেলোনা। আর্জেন্টাইন কিংবদন্তির অসাধারণ প্রতিভা, ফুটবলের প্রতি নিবেদন এবং মাঠের বাইরেও তার অবদানের প্রশংসা করে আবেগঘন বার্তা দিয়েছে ক্লাবটি।
বার্সেলোনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেসিকে অভিনন্দন জানায়। সেখানে ক্লাবটি উল্লেখ করে, মেসির প্রতিভা, উৎকর্ষ, ক্রীড়ার প্রতি অঙ্গীকার ও সংহতি তাকে বিশ্ব ফুটবলের অন্যতম মানদণ্ডে পরিণত করেছে। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে বার্সেলোনা গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকায় ক্লাবটির সঙ্গে তার বন্ধনকে অবিচ্ছেদ্য বলেও উল্লেখ করা হয়।
বার্তায় আরও বলা হয়, মেসির সঙ্গে এই সংযোগ বার্সেলোনার গর্বের উৎস হয়ে থাকবে এবং ক্লাবের ঐতিহ্যের অংশ হিসেবেও তা অমলিন থাকবে।
মেসিকে স্পেনের রাজপরিবারের পুরস্কার, আবেগঘন বার্তা বার্সেলোনার!

বার্সেলোনায় মেসির ক্যারিয়ার ছিল সাফল্যে ভরপুর। কিশোর বয়সে ক্লাবটির যুব একাডেমিতে যোগ দিয়ে ধীরে ধীরে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠেন তিনি। ন্যু ক্যাম্পে থাকাকালে জেতেন চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ১০টি লা লিগা শিরোপা। এ সময় একাধিক ব্যালন ডি’অরও জেতেন তিনি এবং ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম প্রতিষ্ঠা করেন।
দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে ২০২১ সালে বার্সেলোনা ছাড়েন মেসি। এরপর প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন তিনি।
ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলেও মেসির অর্জন অনন্য। ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে নেতৃত্ব দেন তিনি। বিশ্বকাপ জয় তার বর্ণাঢ্য ক্যারিয়ারে যোগ করে আরেকটি ঐতিহাসিক অর্জন।















