কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বাঙ্গরা বাজার থানার আকুবপুর ইউনিয়নে এক নারীকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে মামা মাসুদ মিয়াকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাগনে মো. শিপন মিয়ার বিরুদ্ধে। এই ঘটনার ১৬ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে মূল অভিযুক্ত শিপনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে ২ নম্বর আকুবপুর ইউনিয়নের কোড়েরপাড় মধ্যপাড়া গ্রামের ইসরাইলের বাড়ির পূর্ব পাশের কাঁচা রাস্তার ওপর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাসুদ মিয়া একই গ্রামের মৃত হাসান আলীর ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ মিয়ার সঙ্গে স্থানীয় এক নারীর প্রেমের সম্পর্ক ছিল। পরে মাসুদের ভাগনে মো. শিপন মিয়ার সঙ্গেও ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে মামা ও ভাগনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। গত ২০ অক্টোবর দুপুরে শিপন ওই নারীকে সঙ্গে নিয়ে তার মায়ের (ভিকটিমের বোন) বাড়িতে গেলে মাসুদ মিয়ার সঙ্গে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। তখন শিপন প্রকাশ্যে খুন ও জখমের হুমকি দিয়ে চলে যায়। ওই সময় মাসুদের বোন বিষয়টি মিটমাট করে দেন।
আমতলীতে ধানখেতে আগাছানাশক ও লবণ প্রয়োগ, ৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ

এর জেরে শনিবার রাত ১০টার দিকে শিপন কৌশলে মাসুদ মিয়াকে ঘটনাস্থলে ডেকে নেয় এবং সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মাসুদ মিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শিপন রক্তমাখা অস্ত্র উঁচিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মাসুদ মিয়ার মৃত্যু হয়।
নৃশংস এই হত্যাকাণ্ডের পর কুমিল্লা জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাঙ্গরা বাজার থানার একটি বিশেষ দল ও গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শুরু করে। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুটি ভাঙ্গানগর এলাকায় অভিযান চালিয়ে শিপন মিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি শিপন স্বীকার করেছে যে, এক নারীর সঙ্গে তার ও মামার প্রেমের সম্পর্কের কারণেই সে মামাকে হত্যা করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
















