গাজীপুরের শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ পুলিশের এক কনস্টেবলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজারের পাশের একটি বাড়ি থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা।
গ্রেফতারকৃত পুলিশ কনস্টেবল সারোয়ার মোর্শেদ (৩৮) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বেতরা আটি গ্রামের বজলুর রহমানের ছেলে। অপর দুই ব্যক্তি হলেন- শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে সবুজ মিয়া (৩২) এবং রংপুর জেলার কাউনিয়া থানার বিষ্ণপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।
বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গীর মন্ডল বলেন, শ্রীপুর পৌরসভার কেওয়া বাজারের পাশে মোশারফের বাড়িতে এক মাস আগে বাসা ভাড়া নেন জাহাঙ্গীর। জাহাঙ্গীর বাসা ভাড়া নেওয়ার পর থেকেই ওই বাড়িতে মাদকসেবীদের আনাগোনা বাড়তে থাকে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা গত শুক্রবার রাতে তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের বিভিন্ন স্থান থেকে লুকানো এবং সেবনরত অবস্থায় ১২০ পিস ইয়াবা উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

















