ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়িবহরের পেছনে থাকা পাঁচটি যানবাহন একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় কয়েকজন দলীয় কর্মী ও নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। তবে রাহুল গান্ধী অক্ষত রয়েছেন বলে জানা গেছে। একটি মানহানি মামলায় আদালতে হাজিরা দিতে যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (২৬ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, লখনউ বিমানবন্দর থেকে সুলতানপুরের দিকে যাওয়ার পথে গন্তব্য থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে হালিয়াপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানটি উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে।
সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জোটের জয়, পরাজয় স্বীকার ভুচিচের!

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক্সপ্রেসওয়ের দ্রুতগতির লেনে চলাচলকারী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে রাহুল গান্ধীর গাড়িবহরের একটি স্করপিও গাড়ির সংঘর্ষ হয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় বহরের পেছনে থাকা মোট পাঁচটি যানবাহন সংঘর্ষের ঘটনায় জড়িত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, বিজেপির সাবেক সভাপতি অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের করা একটি মানহানি মামলায় হাজিরা দিতে সুলতানপুর যাচ্ছিলেন রাহুল গান্ধী। ২০১৮ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারণার সময় করা একটি মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতা বিজয় মিশ্র মামলাটি দায়ের করেন।
প্রতিবেদন অনুযায়ী, সোমবারই বিশেষ এমপি-এমএলএ আদালতে মামলাটির রায় ঘোষণার কথা ছিল। সেই আদালতে যাওয়ার পথেই দুর্ঘটনার মুখে পড়ে তাঁর গাড়িবহর।
সূত্র: এনডিটিভি।
















