পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, খামারিদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং তরুণ উদ্যোক্তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও খামার সম্প্রসারণে যুব উদ্যোক্তাদের ঋণ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে ১০ উদ্যোক্তা ও খামারির মধ্যে মোট ১০ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের বিরস্তইল এলাকায় ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে আমিনুল হক বলেন, বায়োগ্যাস প্রযুক্তির প্রসার এবং তরুণ উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতে সরকার গুরুত্ব দিচ্ছে। বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে খামারিরা একদিকে যেমন জ্বালানি সাশ্রয় করতে পারবেন, অন্যদিকে উৎপাদিত জৈব সার কৃষিকাজেও ব্যবহার করতে পারবেন। এতে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের পাশাপাশি খামারিদের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে।
দুবাইয়ের শ্রমবাজারে আনসার-ভিডিপি, ১০০ কর্মী বাছাই কার্যক্রম শুরু

তিনি আরও বলেন, যুব ঋণের অর্থ সঠিকভাবে কাজে লাগানো হলে খামার সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঋণের অর্থ যথাযথভাবে ব্যবহার করে উদ্যোক্তারা নিজেদের স্বাবলম্বী করে তুলবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
যুব উন্নয়ন অধিদপ্তর, রাজশাহীর উদ্যোগে ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রকল্পের অধীনে নির্মিত বায়োগ্যাস প্ল্যান্টগুলো পরিদর্শন করেন এবং এর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরে পুঠিয়া, বাঘা ও বাগমারা উপজেলার ১০ জন উদ্যোক্তা ও খামারির হাতে মোট ১০ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক তুলে দেন তিনি। এ ঋণ সহায়তার মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের খামার সম্প্রসারণ এবং উৎপাদন কার্যক্রম আরও এগিয়ে নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক শরীফুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বায়োগ্যাস প্রকৌশলী মো. মাহাফুজুর ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
















