ঝালকাঠির রাজাপুরে সরকারি নথিতে মৃত দেখানো হয়েছে আব্দুল হক হাওলাদার নামে এক প্রবীণ কৃষককে। অথচ বাস্তবে তিনি জীবিত। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভান্ডারে মৃত হিসেবে চিহ্নিত হওয়ায় কৃষক কার্ডের আবেদন করতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি। নিজের জীবিত থাকার প্রমাণ দিতে এখন উপজেলা নির্বাচন অফিসে ছুটতে হচ্ছে তাকে।
ঘটনাটি ঘটেছে রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামে। আব্দুল হক হাওলাদার ওই গ্রামের মৃত কালেম আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে রাজাপুর সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কৃষক কার্ডের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু করে উপজেলা কৃষি অফিস। এ সময় আব্দুল হক হাওলাদারের এনআইডি নম্বর দিয়ে আবেদন করতে গেলে সরকারি তথ্যভান্ডারে তাকে মৃত হিসেবে দেখানো হয়। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা বিস্মিত হন। পরে উপজেলা নির্বাচন অফিসে খোঁজ নিয়েও একই তথ্য পাওয়া যায়।
এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় ৮ জনের নামে মামলা, আসামি অজ্ঞাত আরও ৩০ জন!

জীবিত থাকা সত্ত্বেও সরকারি নথিতে মৃত হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় কৃষক কার্ডের আবেদন করতে পারছেন না আব্দুল হক। পাশাপাশি সরকারি ভাতা, ব্যাংকিং কার্যক্রমসহ অন্যান্য নাগরিক সেবা পাওয়া নিয়েও অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি।
নির্বাচন অফিসে গিয়ে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে আব্দুল হক হাওলাদার বলেন, “আমি জ্যাতা (জীবিত) মানুষ, অথচ আমাকে মাইরা হালাইছে। এ মিথ্যা তথ্য কারা দিল? আমি তো মরি নাই, জ্যাতা আছি। স্যারের সঙ্গে কথা বলব, আমাকে আবার জ্যাতা বানিয়ে দেন।”
তার স্ত্রী মোসা. সাহেরা খাতুন বলেন, “আমার স্বামী বাস্তবে জীবিত, কিন্তু এনআইডি কার্ডে মৃত। আমরা আগে বুঝতে পারিনি। এখন এই ভুল সংশোধন করতে স্বামীকে নিয়ে নির্বাচন অফিসে আসলাম।”
আব্দুল হকের নাতি মো. হাসনাত অভিযোগ করে বলেন, মাঠ জরিপকারীরা তাদের বাড়িতে না এসেই মনগড়া তথ্য দিয়েছেন। এর ফলে এখন পরিবারকে ভোগান্তি পোহাতে হচ্ছে। তিনি জানান, নির্বাচন অফিসে গিয়ে নানার আঙুলের ছাপ দিয়ে তথ্য সংশোধনের আবেদন করেছেন।
স্থানীয়দের দাবি, কীভাবে একজন জীবিত ব্যক্তিকে সরকারি তথ্যভান্ডারে মৃত হিসেবে অন্তর্ভুক্ত করা হলো, তা তদন্ত করে দেখা হোক এবং দ্রুত ভুল সংশোধনের ব্যবস্থা নেওয়া হোক।
















