স্টাফ রিপোর্টার:
দীর্ঘ ২২ সপ্তাহের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন বি-২০২৬ ব্যাচের ৪৬৭ জন নবীন নাবিক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষা ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার শপথ নিয়ে রবিবার (২৯ নভেম্বর) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে তাদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করা নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বি-২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে পেশাগত ও সামগ্রিক বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করে সেরা চৌকস নাবিক নির্বাচিত হন মো. সেজান মাহমুদ। তিনি লাভ করেন ‘নৌপ্রধান পদক’। দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ পেয়েছেন মো. মুজাহিদুল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ পেয়েছেন মো. শাকিল হাসান।
সুনামগঞ্জের সুরমা ইউনিয়নে ওয়ার্ডবাসীর সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময়

প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনসহ সব বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডোদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌসদস্যদের দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি একটি শক্তিশালী ও সমৃদ্ধ নৌবাহিনী গড়ে তুলতে নবীন নাবিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নৌবাহিনী প্রধান আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চলের পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি এ ঘাঁটি দক্ষ ও যোগ্য নাবিক তৈরির সূতিকাগার হিসেবেও কাজ করছে।
নবীন নাবিকদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণকালে অর্জিত জ্ঞান, দক্ষতা ও সামরিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের যোগ্য ও গর্বিত নাবিক হিসেবে গড়ে তুলতে হবে। সততা, শৃঙ্খলা, আনুগত্য ও নৈতিক মূল্যবোধ ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে। একই সঙ্গে সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিরা এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

















