গাজীপুর, মিরপুর, সাভার ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। তাঁর দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার অর্থায়নে শ্রমিক সেজে এসব এলাকায় তাণ্ডব চালানো হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে রাশেদ খান দাবি করেন, গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের অর্থায়নে তাঁর অনুসারীরা শ্রমিক সেজে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। অন্যদিকে, মিরপুর, আশুলিয়া ও সাভার অঞ্চলে আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচির অর্থায়নে শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট, আদেশ ১১ নভেম্বর!

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকরের বিষয়ে রাশেদ খান লেখেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে, চলতি বছরের ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে। জানুয়ারি মাসের বেতনের সঙ্গে শ্রমিকেরা নতুন মজুরি পাবেন। এ বিষয়ে মালিক ও শ্রমিক নেতারা একমত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও লেখেন, এরপরও কোনো আন্দোলন চললে রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষার স্বার্থে তা থামানো সরকারের দায়িত্ব। গণঅভ্যুত্থানের পর জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিল্পকারখানার নিরাপত্তা বজায় রাখা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করা সরকারের অন্যতম দায়িত্ব।
প্রকৃত শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও শ্রমিক আন্দোলনের নামে কোনো ষড়যন্ত্র বা অরাজকতা হলে তা মোকাবিলা ও দমনে সরকার বদ্ধপরিকর বলেও পোস্টে উল্লেখ করেন রাশেদ খান।
















