ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের মকরমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়ে ভীমরুলের আক্রমণে রেদোয়ান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাতিকে বাঁচাতে গিয়ে তার নানি জোসনা বেগমও ভীমরুলের হুলে আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শিশুটিকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রেদোয়ান সদর উপজেলার বেতরা গ্রামের আসাদুল ইসলাম ও রিতা দম্পতির সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রেদোয়ান নানাবাড়িতে বেড়াতে যায়। দুপুরে বাড়ির উঠানের দক্ষিণ পাশে খেলতে গিয়ে সে কিছুটা দূরে থাকা একটি ভীমরুলের বাসার কাছে চলে যায়। এ সময় অসংখ্য ভীমরুল তাকে আক্রমণ করে।
জয়পুরহাটে দুই দিনব্যাপী আদিবাসীদের ৩৩৩তম সহরায় উৎসব

নাতির চিৎকার শুনে তাকে বাঁচাতে ছুটে যান নানি জোসনা বেগম। এ সময় তিনিও ভীমরুলের আক্রমণের শিকার হন।
গুরুতর আহত রেদোয়ানকে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বিকেলে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. টি. এম. মেহেদী হাসান (সানি) জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
নানাবাড়িতে বেড়াতে এসে এমন মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

















