ইসলাম প্রতিষ্ঠা ও দেশ গঠনে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, একটি পিঁপড়াও একা হাঁটে না, অথচ আলেমরা বিভিন্ন দিকে ও নানা গ্রুপে বিভক্ত। তাই বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আয়োজিত ‘ন্যাশনাল ওলামা সামিটে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলেমসমাজের উদ্দেশে আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘কোনো পিঁপড়া একা হাঁটে না। কোনো হাতি জঙ্গলের ভেতরে একা হাঁটে না। অথচ আমরা দশদিকে, দশ গ্রুপে বিভক্ত। আসুন ঐক্যবদ্ধ থাকি। ঐক্যই শক্তি হবে। এই ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আগামী দিনে যেকোনো চ্যালেঞ্জের মোকাবেলা করে যাবে, ইনশাআল্লাহ।’
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আবরার ফাহাদের পরিবারের!

তিনি বলেন, ‘কাদামাটিতে দাঁড়িয়ে আপনি যুদ্ধ করতে পারবেন না। আপনার পায়ের নিচে মাটি আছে কি না, সেটা দেখতে হবে। পায়ের নিচের মাটি শক্ত হতে হবে। ওয়াজের মাঠে লাখ লাখ মানুষ আমাদের বয়ান শুনে, তারা তো আমার ভোটার নয়। এখানেই তো ভুল। এটা বুঝতে হবে, ওয়াজ শুনতে আসা সব শ্রোতা আমার ভোটার নয়। তাই জনগণের চাহিদা বুঝতে হবে এবং সেভাবে কাজ করতে হবে।’
অনুষ্ঠান শেষে এক আলাপচারিতায় তিনি বলেন, মতভিন্নতা থাকলেও মুসলিম উম্মাহকে ঐক্যের পথে থাকতে হবে। তাঁর ভাষায়, ইখতিলাফ ছিল, আছে এবং থাকবে। তবে দ্বীন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সহনশীলতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা প্রয়োজন। তা না হলে সংঘাত এড়ানো কঠিন হবে।
















