কলকাতায় এক হাজার টাকায় এলপিজি গ্যাস পাওয়া গেলে বাংলাদেশে কেন একই গ্যাস ২ হাজার ৫০০ টাকায় কিনতে হবে, এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। গ্যাসের দামের এই পার্থক্যের ব্যাখ্যা জ্বালানিমন্ত্রীর কাছে দাবি করেছেন তিনি। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সরকারের বিভিন্ন ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন এনসিপির এই নেতা।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপি আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন আখতার হোসেন।
তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে কলকাতায় যদি এক হাজার টাকায় এলপিজি গ্যাস পাওয়া যায়, তাহলে বাংলাদেশে কেন ২ হাজার ৫০০ টাকা দিয়ে তা কিনতে হবে? এই প্রশ্নের জবাব স্বয়ং জ্বালানিমন্ত্রীকে দিতে হবে।
‘তিন-চারটি প্রজন্ম নষ্ট করে দিয়েছেন ড. ইউনূস’: ফজলুর রহমান

সমাবেশে দেশের সার্বিক পরিস্থিতির জন্য সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করেন আখতার হোসেন। তাঁর অভিযোগ, সরকার গঠনের নয় মাস পার হলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি।
তিনি আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশে শক্তিশালী মানবাধিকার আইন প্রণয়নের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু সরকার ইচ্ছামতো মানবাধিকার লঙ্ঘনের সুযোগ রেখে দুর্বল আইন প্রণয়ন করেছে। এমনকি গণ-অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতেও সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
সম্প্রতি বিমানবাহিনীর কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর প্রসঙ্গ তুলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা।
এ ছাড়া বাজেট-পরবর্তী সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং বিদ্যুৎ ও স্বরাষ্ট্র খাতের অচলাবস্থার অভিযোগ তুলে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি।
















