ঝিনাইদহ ও হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহের মাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।
জানা গেছে, লালন শাহের মাজার থেকে বের হওয়ার সময় ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তার দিকে একজন ডিম ছুড়ে মারেন বলে অভিযোগ করা হয়েছে। পরে তিনি ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা প্রায় ৩০ মিনিট সেখানে অবরুদ্ধ ছিলেন বলে জানা গেছে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন এনসিপির নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। পোস্টে তিনি দাবি করেন, বিএনপি সরকারের সময়ে এটি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পঞ্চম হামলার ঘটনা।
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

হাসনাত আবদুল্লাহ আরও লিখেছেন, বারবার হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না। ন্যায়, অধিকার ও আজাদীর যে লড়াই শুরু হয়েছে, কোনো বাধাই তা থামাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের কয়েকজন ব্যক্তি ‘ধর, ধর’ বলে তাড়া করছেন—এমন দৃশ্য দেখা গেছে। তবে প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটির সত্যতা ও ঘটনার পূর্ণাঙ্গ বিষয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে গত ২২ মে জুমার নামাজের পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদ, পুরাতন ডিসি কোর্ট এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এছাড়া ২৮ জুলাই সন্ধ্যায় হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার, সোনালী ব্যাংক ও সার্কিট হাউস এলাকাতেও তার ওপর হামলার অভিযোগ করা হয়েছিল।


















