আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অনিয়ম দেখছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না। যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩ অক্টোবর) সকালে টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সমাজ থেকে মাদক দূর করতে সরকার কাজ করছে। শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকে এবং কোনোভাবেই মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে, সে জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে।
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের জন্য ইতোমধ্যে কমিটি করা হয়েছে। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে চান তারা। অন্যায়ের বিরুদ্ধে সবার অবস্থান থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ করলে মাদক নির্মূল করা সম্ভব। সরকার মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে। মাদক সেবনের ফলে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে বলেও মন্তব্য করেন তিনি।
মাদক বাংলাদেশে উৎপাদিত হয় না দাবি করে প্রতিমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক ঢুকিয়ে দেশের যুবসমাজকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে।
রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মাদকের বিষয়ে কোনো তদবির চলবে না। নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সচেতন করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পুলিশ বাহিনীও নিজেদের সদস্যদের বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেবে, যাতে কেউ মাদক-সম্পর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে।
মাদকবিরোধী কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা চলছে জানিয়ে টুকু বলেন, তারাও নিজেদের দিক থেকে খোঁজখবর নিচ্ছেন। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এ উদ্যোগ সফল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

















