গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর এবার জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। সাম্প্রতিক বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হলো।
রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
বদলি হওয়া তিন পুলিশ কর্মকর্তা হলেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। চিঠিতে উল্লেখ করা হয়েছে, তাঁদের কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।
মহেশপুরে অভিভাবক সমাবেশ, কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ

এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়।
এদিকে গতকাল দিনভর গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত বলে উল্লেখ করা হয়েছে।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
















