ইসলামি বক্তা ও ধর্মপ্রচারক ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মালয়েশিয়া সরকার। তাকে ভারতের হাতে তুলে দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। তিনি আরও জানিয়েছেন, জাকির নায়েককে প্রত্যর্পণ না করার বিষয়ে সরকারের সিদ্ধান্ত রয়েছে এবং এ নিয়ে ভারতের পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক আবেদনও পায়নি মালয়েশিয়া।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালের প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং ১৯৯২ সালের প্রত্যর্পণ আইন বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি দেশটির পার্লামেন্টে এক লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।
পার্লামেন্ট সদস্য দাতুক ড. আহমাদ মারজুক শারির এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণ না করার বিষয়ে মালয়েশিয়া সরকারের অবস্থান রয়েছে। এ ছাড়া ভারতের সর্বশেষ আনুষ্ঠানিক আবেদন এবং দেশটির দেওয়া তথ্য-প্রমাণ মালয়েশিয়ার আইন ও দ্বিপাক্ষিক চুক্তির শর্ত পূরণ করে কি না, সে বিষয়েও সংসদে ব্যাখ্যা দেন তিনি।
ইরানে মার্কিন হামলার খবর, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম!

ভারত প্রথমবারের মতো ২০১৮ সালের ১৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জাকির নায়েককে প্রত্যর্পণের অনুরোধ জানায়। পরে ২০২০ সালের ২৯ মে কূটনৈতিক নোট পাঠিয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায় নয়াদিল্লি।
এদিকে গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকে জাকির নায়েকের প্রত্যর্পণের বিষয়টি আলোচনায় এসেছে বলে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি নিয়ে মালয়েশিয়ার বিরোধী দলের নেতারা সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেন।
দেশটির পাসের মহাসচিব দাতুক সেরি তাকিউদ্দিন হাসান জানতে চান, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে এ বিষয়ে কী আলোচনা হয়েছে এবং কোনো সমঝোতা হয়েছিল কি না। পাশাপাশি ভারতের দেওয়া তথ্য-প্রমাণ মালয়েশিয়ার প্রত্যর্পণ আইনের শর্ত পূরণ করে কি না, তা-ও স্পষ্ট করার দাবি জানান তিনি।
উল্লেখ্য, অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে ভারত জাকির নায়েককে ফেরত চেয়ে আসছে। তবে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে প্রত্যর্পণের বিষয়টি মালয়েশিয়ার নিজস্ব আইন ও দুই দেশের মধ্যকার চুক্তির আওতায় বিবেচনা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ বক্তব্যে স্পষ্ট হয়েছে, জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে মালয়েশিয়া সরকার কোনো প্রতিশ্রুতি দেয়নি।
















