উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম পরিচালনা ও গবেষণার বাজেট বাড়ানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করার ক্ষেত্রেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
রোববার (১১ অক্টোবর) গাজীপুরের বোর্ডবাজারে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৮তম সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি সরকারের অন্যতম গুরুত্বের বিষয়। একই সঙ্গে গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি এবং বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার সক্ষমতা বাড়াতেও পরিকল্পনা নেওয়া হয়েছে।
ভয় পাইছে, ভয় পাইছে-সাক্ষীকে উদ্দেশ করে পলক!

শিক্ষামন্ত্রী আরও জানান, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা ও গবেষণার জন্য বাজেট বাড়ানো হয়েছে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগ তৈরিতেও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
আইইউটির ৩৮তম সমাবর্তনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ। অনুষ্ঠানে উপ-উপাচার্য ড. হোসেন আরাবি নূরসহ দেশি-বিদেশি বিশিষ্ট অতিথি, কূটনীতিক, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। তাঁরা গ্র্যাজুয়েটদের সততা বজায় রাখা, আজীবন শেখার মানসিকতা ধারণ করা এবং অর্জিত জ্ঞান সমাজের কল্যাণে কাজে লাগানোর পরামর্শ দেন।

















